বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি আর নেই
বুধবার (৮ এপ্রিল) গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রাত প্রায় ৩টার দিকে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোকবার্তা দিয়েছে এনসিপির বগুড়া জেলা শাখা। এতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা আহ্বায়ক এমএসএ মাহমুদ ও সদস্য সচিব সুলতান মাহমুদ।
রাজনৈতিক ও ছাত্রজীবনে সক্রিয় রাফিয়া সুলতানা ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হন। এছাড়া ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ডাকসু নির্বাচন এবং পরবর্তী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হন এবং বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার পিতার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া এনসিপির বগুড়া জেলা কার্যালয়ে বাদ এশা মরহুমার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও সহযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।