বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এ সকাল ৯টা থেকে অনলাইন ক্লাস চালু করা হয়।
নতুন এই ব্যবস্থায় শিক্ষকরা নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে এসে নিজ নিজ শ্রেণিকক্ষে অবস্থান করে ভার্চুয়াল মাধ্যমে পাঠদান করছেন। অন্যদিকে শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে অনলাইনের মাধ্যমে ক্লাসে অংশ নিচ্ছে। ফলে সরাসরি উপস্থিতি ছাড়াই পাঠদান কার্যক্রম সচল রাখা সম্ভব হচ্ছে। শিক্ষকরা জানান, বৈসাবির ছুটিকে কেন্দ্র করে প্রথমে কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে স্কুল শাখাতেও একই পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে। তারা আরও জানান, সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের একটি সমন্বিত রুটিন নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে এবং শনিবার, সোমবার ও বুধবার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। এ ব্যবস্থায় শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়েই অনলাইন ক্লাস পরিচালনা করবেন।জ্বালানি ব্যবহারে সাশ্রয় এবং বিকল্প শিক্ষা পদ্ধতি চালুর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।
এদিকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আগে গত ৮ এপ্রিল শিক্ষা খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনলাইন ক্লাস চালুর সম্ভাবনা, সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরদিন ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষামূলক প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষার দিকে উৎসাহিত করা এবং জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
মন্ত্রী আরও জানান, এই পদ্ধতি সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও তা সম্প্রসারণ করা হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, অনলাইন ও সরাসরি পাঠদানের সমন্বিত এই ব্যবস্থা শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করে তুলবে।