সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের অবিচল আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, একটি পেশাদার ও আদর্শভিত্তিক বাহিনী গড়ে তুলতে এসব মূল্যবোধই হতে হবে প্রধান ভিত্তি। রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের পবিত্র দায়িত্ব। এ ক্ষেত্রে সংবিধানের প্রতি অঙ্গীকার এবং জনগণের আস্থা অর্জন ও ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা রাজনৈতিক দলের সম্পত্তি নয়; বরং এটি একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি ও মর্যাদার প্রতীক। বাহিনীকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে তা সম্মান অর্জন করে এবং দেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য থাকে। পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে সব সময় উচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে।
বক্তব্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীতে দেশপ্রেমের যে চেতনা তিনি প্রোথিত করে গেছেন, তা অটুট রাখতে হবে।