গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নতুন করে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোববার (১২ এপ্রিল) হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হন। একই সময়ে চিকিৎসা শেষে ১৩ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ১৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৫৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর বিশ্বাস বলেন, গত তিন দিনে হাসপাতালে চিকিৎসাধীন কোনো শিশুর মৃত্যু হয়নি, যা পরিস্থিতির একটি ইতিবাচক দিক। তিনি আরও জানান, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।