গরমে পেটের সমস্যা কমাতে উপকারী পুদিনার পানীয়
অতিরিক্ত গরমে অনেকেরই গ্যাস, পেট ফাঁপা, অ্যাসিডিটি ও বদহজমের মতো সমস্যা বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এ সময় খাবার ও পানীয়ের ব্যাপারে সচেতন না হলে পেটের অস্বস্তি আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে পুদিনা, জিরা ও জোয়ান দিয়ে তৈরি একটি ভেষজ পানীয় পেটের সমস্যা কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
ভারতের আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডক্টর দীক্ষা বাবসারের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন সকালে এই পানীয় পান করলে হজমপ্রক্রিয়া ভালো থাকে এবং গরমজনিত নানা পেটের সমস্যা থেকে স্বস্তি পাওয়া যেতে পারে।
যেভাবে তৈরি করবেন
এক গ্লাস পানিতে ৫ থেকে ৭টি পুদিনা পাতা দিন। এরপর এতে এক টেবিল চামচ জিরা ও সামান্য জোয়ান মিশিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিন। পরে হালকা গরম অবস্থায় পান করুন।
কখন পান করবেন
বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই পানীয় পান করলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায়। তবে দিনের অন্য সময়ও এটি পান করা যেতে পারে। বিশেষ করে পেট ভার লাগা, গ্যাস বা অস্বস্তি অনুভব করলে এই পানীয় উপকারী হতে পারে।
যেসব উপকার মিলতে পারে
এই ভেষজ পানীয় হজমশক্তি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার সমস্যা কমাতে কার্যকর বলে মনে করা হয়। এছাড়া থাইরয়েড, ডায়াবেটিস ও হরমোনজনিত কিছু সমস্যাতেও এটি সহায়ক হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে যাদের দীর্ঘদিনের শারীরিক সমস্যা রয়েছে, তাদের নিয়মিত কোনো ভেষজ পানীয় গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।