দুই বছর পর আবারও একসঙ্গে তৌসিফ-ইয়াশ, আসছে পারিবারিক নাটক ‘ওয়ারিশ’
অতিপ্রাকৃত গল্পভিত্তিক নাটক ‘অভিশাপ’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনেতা তৌসিফ মাহবুব ও ইয়াশ রোহান। সেই নাটকের প্রায় দুই বছর পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তারা। তবে এবার ভিন্নধর্মী এক পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ওয়ারিশ’।
ঈদ উপলক্ষে নির্মিত এই একক নাটকে তৌসিফ ও ইয়াশকে দেখা যাবে দুই ভাইয়ের চরিত্রে। নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মনিরা মিঠু, সাফা কবির এবং প্রিয়ন্তী উর্বি।
‘ওয়ারিশ’ নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নির্মাতার ভাষ্য, ঈদের নাটকগুলোতে সাধারণত প্রেম, বিচ্ছেদ কিংবা হাস্যরসের গল্প বেশি দেখা যায়। সেই প্রচলিত ধারা থেকে বেরিয়ে মধ্যবিত্ত পরিবারের আবেগ, সম্পর্ক ও বাস্তব জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই নাটকে। তিনি জানান, নাটকের গল্প লিখতে দীর্ঘ সময় ব্যয় করা হয়েছে। চিত্রনাট্য সম্পন্ন হওয়ার পর দুই ভাইয়ের চরিত্রে তৌসিফ মাহবুব ও ইয়াশ রোহানকে সবচেয়ে উপযুক্ত মনে হওয়ায় তাদের নিয়েই কাজটি করা হয়েছে। পাশাপাশি গল্পের প্রয়োজন অনুযায়ী অন্যান্য চরিত্রে শিল্পী নির্বাচন করা হয়েছে।
নির্মাতার আশা, গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর সমন্বয়ে ‘ওয়ারিশ’ দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে।
আগামী ঈদে নাটকটি প্রকাশ পাবে সিএমভি ইউটিউব চ্যানেল-এ।