১১ দলীয় জোটের সদস্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রম–এর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অলি আহমদ ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। তিনি একজন সৎ, গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক বর্ষীয়ান রাজনীতিবিদ, যিনি দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, তার মতো একজন পরিচ্ছন্ন ও মর্যাদাসম্পন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের রাজনৈতিক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।