বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম) দেশের ৬৪ জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে। শনিবার সকালে রাজধানী ঢাকা থেকে পর্যবেক্ষকেরা বিভিন্ন জেলায় রওনা দেওয়ার মধ্য দিয়ে মিশনের মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়।
শনিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে এ তথ্য জানান।
পর্যবেক্ষক মোতায়েনের আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ইন্তা লাসে বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা ইইউ ইওএমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাদের মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতেই নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, ইইউ ইওএম দীর্ঘমেয়াদি ও দেশব্যাপী পর্যবেক্ষণের একটি সুপ্রতিষ্ঠিত ও শক্তিশালী পদ্ধতি অনুসরণ করে, যাতে নির্বাচন প্রক্রিয়ার ভারসাম্যপূর্ণ ও পূর্ণাঙ্গ মূল্যায়ন নিশ্চিত করা যায়।
দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং ঢাকাভিত্তিক মূল বিশেষজ্ঞ দলের বিশ্লেষণ কার্যক্রমে সহায়তা করবেন। তারা দুই সদস্যের দল গঠন করে নিজ নিজ এলাকায় ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন। এ কার্যক্রম শহরের পাশাপাশি ছোট শহর ও গ্রাম পর্যায়েও পরিচালিত হবে।
ইইউ কর্মকর্তারা জানান, ইইউ সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকেও পর্যবেক্ষক নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে কাজ শুরুর আগে তাদের বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক পরিস্থিতি, আইনগত কাঠামো এবং গণমাধ্যম ও সামাজিক বাস্তবতা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই নির্বাচন পর্যবেক্ষক মিশন মোতায়েন করা হয়েছে। মিশনের প্রধান পর্যবেক্ষক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইইয়াবস। তিনি গত ১১ জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
নির্বাচনের দিন ঘনিয়ে এলে মিশনের কার্যক্রম আরও জোরদার করা হবে। তখন ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মাঠে নামবেন। তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র, কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশনের পর্যবেক্ষকেরাও যুক্ত হবেন। তারা ভোটগ্রহণ, ভোট গণনা ও ফল সংকলন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।
সব মিলিয়ে পূর্ণ সক্ষমতায় ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনে প্রায় ২০০ জন পর্যবেক্ষক কাজ করবেন। মিশন আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে। পরে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষে সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
ইইউ কর্মকর্তারা জানান, উভয় প্রতিবেদনই জনসমক্ষে ও মিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইইউ ইওএম কঠোর আচরণবিধি অনুসরণ করে কাজ করে এবং নিরপেক্ষতা বজায় রেখে কোনো ধরনের হস্তক্ষেপ না করাই তাদের মূল নীতি।