শনিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগে টসের সময় একটি অস্বস্তিকর ঘটনা নজরে আসে—বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রে একে অপরের সঙ্গে করমর্দন করেননি।
সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচেও একই দৃশ্য দেখা গেছে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো থেকে বিরত ছিল ভারতীয় দল। এমনকি এ বিষয়ে আইসিসির অনুরোধও উপেক্ষা করে তারা।
এবার বাংলাদেশ-ভারত যুব ম্যাচেও একই ঘটনা ঘটায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে করমর্দন না করার সিদ্ধান্ত কোন দলের পক্ষ থেকে এসেছে—তা এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, ম্যাচটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কেও শীতলতা বিরাজ করছে।
জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।