ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৯ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ ইফতেখার তারিক বলেছেন, ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড (দাসেরকান্দি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিসহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন—এমন সংবাদ সম্পূর্ণ বানোয়াট, সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
শনিবার দুপুরে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে শাহ ইফতেখার তারিক বলেন, কিছু নিউজপোর্টালে প্রকাশিত এ ধরনের সংবাদ কোনো রকম যাচাই-বাছাই বা ক্রসচেক ছাড়াই প্রচার করা হয়েছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। তিনি বলেন, একটি বিশেষ দলের পক্ষ থেকে পরিবেশিত বানোয়াট তথ্য যাচাই না করে প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, “আমরা গণমাধ্যমের কাছ থেকে আরও সচেতনতা ও পেশাদারিত্ব প্রত্যাশা করি। যাচাইহীন সংবাদ প্রচারের ফলে সাধারণ মানুষ মূলধারার সংবাদমাধ্যমের প্রতি আস্থা হারাবে। সংশ্লিষ্ট সংবাদমাধ্যম কর্তৃপক্ষকে অবিলম্বে এই মিথ্যা সংবাদ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।”
শাহ ইফতেখার তারিক বলেন, যারা পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে, তারা মিথ্যা নাটক সাজিয়ে কীভাবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবে—তা বোধগম্য নয়। মিথ্যা প্রচারকারী কোনো দলই দেশ ও জাতির কল্যাণকামী হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।