চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার সকালে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালত এ আদেশ দেন। মামলার অভিযোগপত্রে নাম থাকা ৩৯ জন আসামির মধ্যে ১৬ জন এখনও পলাতক রয়েছেন।
এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশের প্রিজন ভ্যানে করে আসামিদের চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
আলোচিত এ হত্যা মামলাটি গত ৭ জানুয়ারি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান মহানগর দায়রা জজ।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভের ঘটনাপ্রবাহের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।