খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় পরিচালক এম নাজমুল ইসলাম-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই নোটিশের জবাব দেওয়ার শেষ সময় ছিল গত ১৭ জানুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেই জবাব দেননি।
তবে সময় পেরিয়ে গেলেও গতকাল অবশেষে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন বিসিবির এই পরিচালক।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে জবাবটি ইতিবাচক বলেই ধারণা পাওয়া গেছে।
তিনি আরও জানান, জবাবটি পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রোববার বিসিবিতে এসে নিজেই জবাবপত্র জমা দেন এম নাজমুল ইসলাম।
এদিকে, নোটিশের জবাবে তিনি জনপ্রিয়তা পাওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন বলে জানা গেছে। এর আগে ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছিল।