আগামী ৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৮ জানুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতির প্রিলিমিনারি পরীক্ষা রাজধানীর ৯২টি পরীক্ষাকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ জন কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করে পরীক্ষাকেন্দ্র ও সংশ্লিষ্ট অধিক্ষেত্রে এবং নির্ধারিত সময়কালের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে পরীক্ষাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ৯২টি কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের নিয়ন্ত্রণকক্ষে ১০ জন দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারি কর্মকমিশন ভবনে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে। এছাড়া পরীক্ষার দিন ভোর ৪টায় ঢাকায় কর্মকমিশন সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।