আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদ এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।
রোববার (১৮ জানুয়ারি) মধ্যরাতে এক বার্তায় সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সংগঠনটির পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এর আগে, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে অভিযুক্তদের জামিন বা খালাস না দেওয়াসহ তিন দফা দাবি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর প্রসিকিউশনের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত তিন দফা দাবি হলো—
১. জুলাই-আগস্টের মামলায় যেন কোনো অপরাধী জামিন, অব্যাহতি বা খালাস না পায়, তা নিশ্চিত করতে হবে।
২. জুলাই হত্যাকাণ্ডে যারা ফ্যাসিলিটেশন করেছে—ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিসহ সবাইকে প্রসিকিউশনের বিচারিক ব্যবস্থার আওতায় আনতে হবে।
৩. সারা দেশে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত টিম ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে।