বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
সোমবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জিয়াউদ্যান-এ অবস্থিত জিয়ার কবরে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও জ্যেষ্ঠ নেতাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন (ইসি)-এর ওপর বিএনপির আস্থা রয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করতে দেখা গেছে।
তিনি আরও বলেন, যেসব বিষয়ে দলের কাছে সমস্যা মনে হয়েছে, সেগুলো রোববার নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। বিএনপি বিশ্বাস করে, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
বিএনপির কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনে বাছাইয়ের সময় কিছু সমস্যা থাকে, যা নতুন কোনো বিষয় নয়।