আসন্ন সংসদ নির্বাচনে জয় পেলে জামায়াতে ইসলামী বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র উদ্যোগে আয়োজিত ‘পলিসি সামিট–২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সুযোগ পেলে জামায়াতে ইসলামী বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করবে। তিনি বলেন, নারীরা দেশের মোট আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মের জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, সারা বিশ্বের মানুষ জানে ২০২৪ সালে আমরা নিজেদের মুক্ত করেছি। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। এ সময় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন এবং অনেকে নিহত হয়েছেন। তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছে।
তিনি বলেন, এটি নতুন বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বে নতুন যাত্রা শুরু করেছে এবং অর্থনীতিতেও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে পার্টনার হয়ে কাজ করবে এবং জামায়াতে ইসলামীও সবার সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে।
ডা. শফিকুর রহমান বলেন, গত ১৭ বছরে জনগণের স্বার্থসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। তিনি জানান, দুর্নীতিবিরোধী অবস্থান, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের পক্ষে থাকার শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াতে ইসলামী।
একটি উন্নত বাংলাদেশের লক্ষ্যে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ও সহযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী এবং জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।