দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ–কে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি এ আসন থেকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হামিদুল ইসলাম হামিদ এবং জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান।
নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত বিএনপি গণ-অধিকার পরিষদ থেকে আসা রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ আসনে দলীয় মনোনয়ন দেয়। এ সিদ্ধান্তের পর হামিদুল ইসলাম হামিদ ও মুর্শিদা জামান দলীয় সিদ্ধান্ত মেনে নিলেও সাইফুল ইসলাম ফিরোজ তা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন এবং নির্বাচনী মাঠে থাকেন।
বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সাইফুল ইসলাম ফিরোজকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়।
এছাড়া বিজ্ঞপ্তিতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সাইফুল ইসলাম ফিরোজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।