জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে–কে হত্যার দায়ে দোষী সাব্যস্ত তেতসুয়া ইয়ামাগামি–কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বুধবার বিচারক শিনিচি তানাকা এই সাজা ঘোষণা করেন। ২০২২ সালে প্রকাশ্য দিবালোকে শিনজো আবেকে গুলি করে হত্যা করেন ইয়ামাগামি। খবর আল জাজিরা।
আদালতে তেতসুয়া ইয়ামাগামি সাবেক প্রধানমন্ত্রী আবেকে গুলি করে হত্যার কথা স্বীকার করেন। এ হত্যাকাণ্ড জাপানসহ বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। কারণ জাপানে বন্দুক সহিংসতা অত্যন্ত বিরল ঘটনা।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ইয়ামাগামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান। তাদের ভাষ্য, জাপানের যুদ্ধ-পরবর্তী ইতিহাসে এমন অভূতপূর্ব ঘটনা আর ঘটেনি। এই হত্যাকাণ্ড সমাজে গভীর বিরূপ প্রভাব ফেলেছে বলেও তারা আদালতকে অবহিত করেন।
আদালতে উপস্থাপিত তথ্যে জানা যায়, তেতসুয়া ইয়ামাগামি বিতর্কিত ইউনিফিকেশন চার্চ–এর সঙ্গে শিনজো আবের সংশ্লিষ্টতার কথা জানতে পেরে তার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর থেকেই তিনি শিনজো আবের ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকেন।
শেষ পর্যন্ত ২০২২ সালের ৮ জুলাই নারা শহরে এক জনসমাবেশে শিনজো আবেকে লক্ষ্য করে দুটি পাইপ ও ডাকটেপ দিয়ে তৈরি একটি অস্ত্র দিয়ে পরপর দুটি গুলি করেন ইয়ামাগামি। গুরুতর আহত অবস্থায় আবেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।