গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিরোধিতা করায় কানাডার বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে কানাডা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে, যা দেশটির জন্য বড় ঝুঁকি ডেকে আনবে। ট্রাম্পের ভাষায়, ব্যবসার আড়ালে চীন এক বছরের মধ্যেই কানাডাকে ‘গিলে খাবে’।
শুক্রবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপনের বিরোধিতা করছে কানাডা। অথচ এই প্রতিরক্ষা ব্যবস্থা কানাডাকেও সুরক্ষা দেবে। আমাদের সহযোগিতা না করে তারা চীনের সঙ্গে ব্যবসার পক্ষে ভোট দিয়েছে—যে চীন এক বছরের মধ্যেই কানাডাকে গিলে খাবে।”
দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প কানাডার বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন। বিভিন্ন সময় দেশটির নেতৃত্ব ও নীতির সমালোচনাও করেছেন তিনি।
সম্প্রতি কানাডা চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে, যার আওতায় দুই দেশের কিছু পণ্যের আমদানি-রপ্তানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বেইজিং সফর করে এই চুক্তিতে সই করেন। এর পরপরই ট্রাম্প মন্তব্য করেন, এই বাণিজ্যিক ঘনিষ্ঠতার আড়ালে চীন ধীরে ধীরে কানাডার ওপর প্রভাব বিস্তার করবে।
যদিও কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রই। এর পরের অবস্থানে রয়েছে চীন। অতীতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন থাকলেও বর্তমানে অটোয়া ও বেইজিং বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে।
গত সপ্তাহে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম–এর সভায় ট্রাম্প বলেন, আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপন করা হলে স্বাভাবিকভাবেই কানাডাও এর সুবিধা পাবে এবং সুরক্ষিত থাকবে। সে সময় তিনি দাবি করেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনামূল্যে অনেক সুবিধা ভোগ করে এবং মূলত যুক্তরাষ্ট্রের কারণেই দেশটি টিকে আছে।
ট্রাম্প বলেন, “আমরা গোল্ডেন ডোম স্থাপন করব, যা স্বাভাবিকভাবেই কানাডাকে রক্ষা করবে। কানাডা আমাদের কাছ থেকে অনেক কিছু বিনামূল্যে পায়। তাদের আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।”
কানাডার প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই বেঁচে আছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে নিয়ে কিছু বলার আগে এটি মনে রাখবেন, মার্ক।”
তবে ট্রাম্পের এসব মন্তব্য প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নে। তিনি বলেন, “কানাডা যুক্তরাষ্ট্রের জন্য বেঁচে নেই। কানাডা সফল কারণ আমরা কানাডিয়ান।”
ট্রাম্পের মন্তব্য ঘিরে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।