আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, তাদের ব্যালট পাঠানো শুরু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) থেকে এই কার্যক্রম শুরু হয়।
রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ থেকেই পাঠানো হচ্ছে। এ ক্ষেত্রে ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ব্যালট পেপার হাতে পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে তা ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসি সচিব জানান, দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রতীকের পাশেই প্রার্থীর নাম উল্লেখ থাকবে।
এর আগে নির্বাচন কমিশন জানায়, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। এর পর পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশে ও দেশের বাইরে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় অর্ধেক ভোটার দেশের ভেতরে অবস্থান করছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।