যশোর–৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রসুলকে সমর্থন জানিয়ে দলীয় কর্মী–সমর্থকদের তার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাওলানা আশেক এলাহী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিয়ে তিনি দলীয় প্রতীক দেয়াল ঘড়ি নিয়ে প্রচারণা শুরু করেছিলেন। তবে খেলাফত মজলিস ১০ দলীয় নির্বাচনী জোটের সদস্য হওয়ায় জোটের কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী এই আসন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য নির্ধারিত হয়েছে।
তিনি আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকেই তার এবং দলীয় কর্মী–সমর্থকদের সব ধরনের রাজনৈতিক তৎপরতা জোটের প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের পক্ষে পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে যশোর জেলা জামায়াতের আমির ও যশোর–৪ আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রসুলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর এবং খেলাফত মজলিসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।