কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির একটি নির্বাচনী সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত একটি ৯ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত নির্বাচনী সমাবেশে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে তারেক রহমান মঞ্চে ওঠার আগেই বক্তব্য দেওয়ার সময় আবির আব্দুল্লাহ চৌধুরী নামের এক নেতা একাধিকবার ‘জয় বাংলা’ স্লোগান দেন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আজকে এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয়, আমি এই মঞ্চ থেকে হাজারবার বলব—জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।”
জানা গেছে, আবির আব্দুল্লাহ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি জগন্নাথ দিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে। তার বাবা বর্তমানে জাতীয় পার্টি (কাজী জাফর) চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি।
ঘটনাটি সামনে আসার পর স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ একে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করছেন, আবার কেউ এটিকে ব্যক্তিগত বক্তব্য হিসেবে দেখছেন।
এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আবির আব্দুল্লাহ চৌধুরী বলেন, “‘জয় বাংলা’ কোনো দলের স্লোগান নয়, এটি আমাদের স্বাধীনতার স্লোগান। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই।”
তিনি আরও দাবি করেন, “স্বাধীনতাবিরোধী শক্তি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
ঘটনাটি নিয়ে জেলা পর্যায়ে বিএনপি ও ছাত্রদলের ভেতরেও আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।