গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়।
সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে এসে ককটেল নিক্ষেপ করে। ককটেল নিক্ষেপের পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।”
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ককটেল বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে পর্যবেক্ষণ করছে। হাতে তৈরি ককটেল নিক্ষেপকারী দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।