কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, একটি মহল এখনো ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনায় তৎপর। তিনি এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “অনেকে এখনো ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির ষড়যন্ত্র করছে। যারা এ পরিকল্পনা করছে, আপনারা সাবধান হয়ে যান। এখানে যারা উপস্থিত আছেন, আপনারা ফজরের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে পাহারায় যাবেন।”
তিনি আরও বলেন, “যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তাদের নেতাদের পাঞ্জাবি ছিঁড়ে এবং কর্মীদের বেঁধে পুলিশের হাতে তুলে দেবেন। এবার ভোট চুরি প্রতিহত করতে রাজনৈতিক নেতার প্রয়োজন নেই। যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিল, তারাই এবার ভোট চুরি ঠেকাবে।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেই সময় আমার মা-বোনেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদের পানি খাইয়েছে। তারাই এবার ভোট চুরি প্রতিরোধে ভূমিকা রাখবে। এই বাংলাদেশে ভোট চুরির রাজনীতি শেখ হাসিনার পালানোর পরই শেষ হয়ে গেছে। যারা আবার ভোট চুরি বা কেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “একটি দল অপপ্রচার চালাচ্ছে যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। আমি জানতে চাই—হ্যাঁ ভোটের শর্তের কোথাও কি এমন কথা লেখা আছে? আপনারা নির্বাচনে দুটি ভোট দেবেন—একটি শাপলা মার্কায়, আরেকটি হ্যাঁ ভোট। আগামী বাংলাদেশের বিনির্মাণ হ্যাঁ ভোটের ওপর নির্ভর করেই গড়ে উঠবে।”
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।