জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লার দাউদকান্দি, তিতাস ও হোমনা এবং চাঁদপুরের কচুয়া উপজেলায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২৮ জানুয়ারি) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)–এর গৌরীপুর আঞ্চলিক কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চার উপজেলার সব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে। মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে।
কর্তৃপক্ষ আরও জানায়, নির্ধারিত এই সময়ের মধ্যে উল্লিখিত চার উপজেলার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।