জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে এনসিপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “১৬ বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। জনগণকে বিচার-বিবেচনা করে ভোট দিতে হবে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা করেছিল, অথচ এখন নির্বাচনে এসে বলছে মামলা তুলে নেবে। “এটি তাদের কুটকৌশল—এতে আপনারা বিভ্রান্ত হবেন না,” বলেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, তারা ৩১ দফা থেকেও সরে এসেছে।
নাহিদ ইসলাম আরও বলেন, একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে—যা অতীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি। তিনি সতর্ক করে বলেন, একতরফা হামলা অব্যাহত থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।
জনসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য একটি দলের শীর্ষ নেতারা বিভিন্ন স্থানে সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, “খুনি যদি বলে—আজ তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না—তার নিশ্চয়তা কোথায়? তাহলে কি সেটাই ন্যায়বিচার?” তাঁর অভিযোগ, জুলাই মাসে সংঘটিত গণহত্যার চিন্তা এখনও তাদের মাথায় রয়ে গেছে।
এ সময় মৌলভীবাজার-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির প্রীতম দাসকে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রীতম দাস বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের সুবিধার জন্য গত ৫ আগস্টের পর তিনি একাধিক কাজ করেছেন। নির্বাচনে বিজয়ী হলে চা শ্রমিকসহ পুরো এলাকাকে একটি মডেল এলাকায় রূপান্তরিত করার অঙ্গীকার করেন তিনি।
জনসভা শেষে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়।