শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্ধারিত সময়ের আগেই একটি দল কেন সব আসন দখল করে রাখল? কেন লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হলো—এসব বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।”
মাহদী আমিন বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে শেরপুরে সব প্রার্থীর জন্য নির্দিষ্ট আসন নির্ধারণ করা ছিল। তবে অভিযোগ রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সব আসন দখল করে রাখেন এবং বিএনপির কর্মীদের নির্ধারিত আসনে বসতে দেননি। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আহ্বান জানানো হলেও তা উপেক্ষা করা হয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, ওই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। “এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সবাই শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করে, অথচ শেরপুরে সহিংসতার চিত্র দেখা গেছে,” বলেন তিনি।
বিএনপির এই নেতা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ও শক্ত ভূমিকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন উসকানিতে পা না দেয়। শান্তিপূর্ণ ও বিতর্কমুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার।
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু ও দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।