নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা–১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ দাবি করেন।
শফিকুর রহমান বলেন, গত রাতে তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটি ‘অরুচিকর ও বিভ্রান্তিকর’ পোস্ট দেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা–সমালোচনা শুরু হলে দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হয়। তিনি দাবি করেন, কোথা থেকে এবং কীভাবে এই হ্যাকিং হয়েছে, তা তারা চিহ্নিত করতে পেরেছেন।
জামায়াত আমির বলেন, “আমরা ইতোমধ্যে বুঝে ফেলেছি, কোথা থেকে এই কাজটি করা হয়েছে। সময় হলে জাতির সামনে পরিষ্কারভাবে সব তুলে ধরা হবে।”
রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে জামায়াত আপসহীন অবস্থানে রয়েছে। অতীতের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, যারা ফ্যাসিবাদী মানসিকতা নিয়ে রাজনীতি করে, তাদের হাতে দেশের দায়িত্ব দেওয়া নিরাপদ নয়।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ভোটের মাধ্যমে জালিয়াতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারকারীদের রুখে দিতে হবে। তিনি বলেন, কোনো ভোট ডাকাত বা দুর্নীতিবাজকে আর সুযোগ দেওয়া উচিত নয়।
আসন্ন গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অতীতে যে রাজনীতি বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হলে পরিবর্তনের পক্ষে রায় দিতে হবে। তিনি ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় তিনি দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, জামায়াত বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রে রূপান্তর করতে চায়।