লাইলাতুল মোবারাকা বা পবিত্র শবেবরাত আজ মঙ্গলবার। ইসলামে মধ্য শাবান তথা হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের রাতকে বরকতময় রাত হিসেবে বিবেচনা করা হয়। মুসলিম উম্মাহর কাছে এই রাত গুনাহ মাফ, দোয়া কবুল ও পবিত্র রমজানের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়। এ কারণে শবেবরাতকে সৌভাগ্যের রাত বা ভাগ্যরজনী হিসেবেও অভিহিত করা হয়।
বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে শবেবরাত পালন করে থাকেন। মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়। এ রাতে মুসলমানরা নিজেদের গুনাহ মাফ, পরিবার-পরিজনসহ মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। অনেকে এ রাতে আপনজনদের কবর জিয়ারত এবং দান-খয়রাতও করে থাকেন।
শবেবরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনীবার্তাও বহন করে। কারণ, শাবান মাসের পরই শুরু হয় মাহে রমজান। ফলে শবেবরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।
পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। একই উপলক্ষে বিএনপির চেয়ারম্যান **তারেক রহমান**সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বাণী দিয়েছেন।
বরাবরের মতো এবারও শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ মাগরিবের নামাজের পর ওয়াজ মাহফিলের মাধ্যমে বায়তুল মোকাররমে শবেবরাতের আনুষ্ঠানিকতা শুরু হবে।
সন্ধ্যা সাড়ে ৬টায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বারাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী। এরপর ওয়াজ করবেন ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। ব্যক্তিগত নফল ইবাদত ও জিকির-আসকারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শবেবরাতের অনুষ্ঠানমালা শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনও শবেবরাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
শবেবরাত উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকবে। তবে আজ মঙ্গলবার দৈনিক পত্রিকার অফিস বন্ধ থাকায় আগামীকাল বুধবার কোনো পত্রিকা প্রকাশিত হবে না।
শবেবরাত উপলক্ষে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহর ও ধর্মীয়ভাবে স্পর্শকাতর এলাকাগুলোতে ইউনিফর্মধারী টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জনসমাগমপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারির আওতায় আনা হয়েছে।
গতকাল সোমবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের সব ইউনিটকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য র্যাবের কন্ট্রোল রুমে (০১৭৭৭৭২০০২৯) যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে।