ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বেলা ১১টায় বিমানযোগে বরিশাল যাবেন তারেক রহমান। সেখানে দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরে দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত আরেকটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি। জনসভা শেষে একই দিন বিমানযোগে ঢাকায় ফিরবেন তারেক রহমান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মধ্য দিয়ে ঢাকার বাইরের নির্বাচনি প্রচারণা শেষ করবেন তারেক রহমান।
এর আগে গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভার মাধ্যমে প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান। ওই দিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশে অংশ নেন।
২৫ জানুয়ারি চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। সেখান থেকে ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ শেষে ঢাকায় ফেরেন তিনি। পরে ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত তিনটি নির্বাচনি সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান।
এছাড়া ২৯ জানুয়ারি উত্তরাঞ্চল সফর শুরু করেন তারেক রহমান। তিন দিনের ওই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি জনসভা শেষে ঢাকায় ফেরেন। সর্বশেষ সোমবার খুলনা ও যশোরে নির্বাচনি সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান।