আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে জামায়াতে ইসলামী। দলটির ঘোষিত ইশতেহারের নাম রাখা হয়েছে ‘জনতার ইশতেহার’।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এই ইশতেহার ঘোষণা করা হবে। অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিদেশি অতিথি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন বলে জানানো হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে এবারের ইশতেহার প্রণয়ন করা হয়েছে। ‘জনতার ইশতেহার’ নামে একটি অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত জনগণের মতামতের ভিত্তিতে ইশতেহারটি প্রস্তুত করা হয়। এতে সাড়ে ৩৭ লাখের বেশি পরামর্শের প্রতিফলন থাকবে বলে দাবি করেছে দলটি।