বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মতোই দেশের গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমের ভূমিকা পালন করছে। দেশের মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না এমন মন্তব্যও তিনি করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, “বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে। আগামী ১২ তারিখ জনগণ তাদের জবাবদিহি সরকার নির্বাচিত করবে। কিন্তু ৫ আগস্টের পর দেখা গেছে, স্বৈরাচারের সময় যে ধরনের আচরণ জনগণের সঙ্গে হত, তা বন্ধ হয়নি। কিছু দল গুপ্ত পরিচয়ে এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভূত হয়েছে। তাদের নেতা ও কর্মীরা প্রকাশ্যে নারীদের সম্মান করে না। এই জালেমদের কাছে মানুষের মর্যাদা নেই।”
তিনি আরও বলেন, কুমিল্লার একজন গুপ্ত নেতা বলেছেন, “১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে।” তারেক রহমান এই ধরনের মানসিকতা জনগণের ভাগ্য ও জীবনের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলবে উল্লেখ করেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, “স্বৈরাচার সরকারের সঙ্গে তারা প্রতিবার একসঙ্গে ছিল। ৭১, ৮৬, ৯৬সহ বিগত ১৫ বছর ধরে তাদের সঙ্গে যুক্ত ছিল।”
বরিশালের সমস্যা নিয়ে তারেক রহমান বলেন, “বরিশালে নদীভাঙন সবচেয়ে বড় সমস্যা। যথাযথ বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন। বাকি অনেক কাজও রয়ে গেছে, যা করতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”