বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার বরিশালের বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় নারীর সম্মান, স্বাধীনতা এবং রাজনীতিতে নারীর ভূমিকার গুরুত্ব নিয়ে বক্তব্য দিয়েছেন। প্রায় ২০ বছর পর বরিশালে আগমনকালে তার বক্তব্যে তিনি একটি রাজনৈতিক দলের নারীদের হেয় এবং ঘরের ভিতরে সীমিত রাখার আচরণের অভিযোগ তুলেছেন।
জনসভায় তারেক রহমান বলেন, যে দলটি মিথ্যা প্রচার ও নারীদের অসম্মান করছে, তারাই এখন নানাভাবে ষড়যন্ত্র করছে। তিনি সতর্ক করেন, দেশবাসীকে এমন অপকর্ম ও প্রতারণার বিরুদ্ধে জাগ্রত থাকতে হবে।
বিএনপি চেয়ারম্যান নারীদের অবদান তুলে ধরেন। বলেন, দেশের লাখ লাখ নারী পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে কাজ করে অর্থনীতির চাকা সচল রেখেছেন। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে নারীরা দ্রব্যমূল্যের চাপে সংসার চালাতে স্বামী সহ কাজ করছেন, অথচ তাদের অসম্মান করা হচ্ছে। তিনি ধর্মীয় উদাহরণ টেনে স্মরণ করান, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী হজরত বিবি খাদিজা (রা.) ছিলেন সফল ব্যবসায়ী।
তারেক রহমান আরও বলেন, যে দল নির্বাচনের আগে নারীর ভূমিকা হ্রাস ও অসম্মানজনক ভাষা ব্যবহার করছে, তারা ক্ষমতায় এলে দেশের নারীদের সঙ্গে আচরণ কেমন হতে পারে তা বোঝা যায়। তিনি সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ তুলে বলেন, সংশ্লিষ্টদের আইডি হ্যাকের দাবি মিথ্যা, এবং এদের পরিচয় মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত।
জামায়াতে ইসলামী সম্পর্কেও বিএনপি চেয়ারম্যান বলেন, দলটি ধর্মকে কেবল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করছে। যেখানে প্রয়োজন, সেখানে ধর্মের ব্যাখাও নিজেদের মতো করে নেয় তারা।
ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উল্লেখ করেন তারেক রহমান। বলেন, দেশের প্রায় ২০ কোটি জনসংখ্যার অন্তত অর্ধেক নারী। এই বিশাল নারী সমাজকে পেছনে রেখে কোনো বড় পরিকল্পনা সফল হতে পারে না। বিএনপি সরকার গঠিত হলে প্রতিটি গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে ধীরে ধীরে নারীদের স্বাবলম্বী করে তোলা হবে, যাতে তারা কারো মুখাপেক্ষী না থাকে।