দেশের বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ দফায় ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। ডলার কেনার কাটঅফ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।
চলতি ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে চলতি ২০২৫–২৬ অর্থবছরেও একাধিকবার নিলামের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে কেন্দ্রীয় ব্যাংক।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ৪৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।