আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দেশের ভেতরে না পৌঁছালে তা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রবাসী ভোটারদের সতর্ক করেছে কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটাধিকার প্রয়োগের পর সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সাদা রঙের ব্যালট খামে রাখতে হবে। এরপর ঘোষণাপত্রে স্বাক্ষর করে ওই সাদা ব্যালট খামটি হলুদ রঙের খামের ভেতরে সংযুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে জমা দিতে হবে।
ইসি জানায়, যদি ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। ভোটের দিন ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
এ কারণে প্রবাসী ভোটারদের দ্রুত ব্যালট পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে তিন শ্রেণির ভোটার—সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কারাবন্দিদের জন্য পোস্টাল ভোটের সুযোগ চালু করা হয়েছে। এ ব্যবস্থায় প্রবাসী ভোটারসহ মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।