বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানবাধিকার সংস্কারের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখে আছে। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর বার্ষিক প্রতিবেদনে, যা বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিগত শেখ হাসিনা সরকারের আমলে চলা গুম সংস্কৃতি প্রায় বন্ধ হয়েছে। তবে রাজনৈতিক কারণে এখনও হাজার-হাজার মানুষ গ্রেফতার হচ্ছে। অনেককে বিচার ছাড়াই কারাগারে রাখা হচ্ছে এবং তাদের জামিন আবেদনও বাতিল করা হচ্ছে। এ তালিকায় রাজনীতিবিদের পাশাপাশি অভিনয়শিল্পী, আইনজীবী ও সঙ্গীতশিল্পীরাও রয়েছেন। বিভিন্ন মামলায় অনেকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রতিবেদনে মব সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের জুন থেকে গত বছরের আগস্ট পর্যন্ত কমপক্ষে ১২৪ জন মব সহিংসতায় প্রাণ হারিয়েছেন।
তাছাড়া নারী নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, রোহিঙ্গা শরণার্থী প্রবেশ বৃদ্ধি এবং বৈদেশিক সহায়তা কমার কারণে মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে—এও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।