ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। শিক্ষার্থীরা হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে দায়ীদের শাস্তি ও পুলিশ সংস্কারের দাবি জানান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিশ্বজিৎ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল—যেসব প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ সদস্য সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিলেন, তাদের বরখাস্ত করতে হবে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্য থেকে পুলিশ নিয়োগ দিতে হবে। কিন্তু সরকার সেই দাবি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ‘এই ব্যর্থতার ফলেই আজ একের পর এক জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে। কুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মার খাচ্ছে, অথচ পুলিশ হামলাকারীদের ধরতে পারছে না।’
জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, ‘এক জুমাবারে আমার ভাই হাদি হত্যার শিকার হয়েছেন, আরেক জুমাবারে আমাদের ভাইদের ওপর হামলা হয়েছে। বিচার চাইতে গেলে গুন্ডা বাহিনীর হাতে শিক্ষার্থীরা আহত হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, জকসুর প্রতিনিধি শান্তার ওপরও হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশকে আইনশৃঙ্খলা বাহিনী বলা হলেও আইনশৃঙ্খলা রক্ষার নামে সবচেয়ে বেশি বিশৃঙ্খল কাজ তারাই করছে। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, তখনও পুলিশ সন্ত্রাসী আচরণ করেছে।
সমাবেশ থেকে দ্রুত পুলিশ সংস্কার কার্যক্রম শুরু করা এবং শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।