ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জাতীয় পার্টির এক নেতার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে রংপুরের বদরগঞ্জে একটি নির্বাচনী জনসভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোকাম্মেল হক চৌধুরী এ মন্তব্য করেন।
রংপুর-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মণ্ডলের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে মোকাম্মেল হক চৌধুরী বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় এলে আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করা হবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা হবে। এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বক্তব্যে মোকাম্মেল হক চৌধুরী বলেন, ‘আমরা জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে আছি। আমরা জেল-জুলুমকে ভয় পাই না। আওয়ামী লীগের নিরীহ নেতাদের ওপর কোনো অত্যাচার-নির্যাতন হতে দেব না। জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের সব মামলা আমরা প্রত্যাহার করব এবং জননেত্রী শেখ হাসিনাকে আমরা সসম্মানে দেশে ফিরিয়ে আনব।’
জনসভায় জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থীসহ বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোকাম্মেল হক চৌধুরী বদরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি রংপুর আদালতের একজন আইনজীবী। তাঁর চাচাতো ভাই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরী এবং চাচা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরী।
এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. কামরুজ্জামান কবির বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনে জাতীয় পার্টি কাজ করছে এবং উপজেলা জাতীয় পার্টি তাদের অবস্থান স্পষ্ট করেছে।
তবে জাতীয় পার্টির বদরগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাকুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, শেখ হাসিনাকে নিয়ে মোকাম্মেল হক চৌধুরীর বক্তব্যটি তাঁর ব্যক্তিগত মতামত এবং এটি ভুলবশত বলা হয়েছে।
এ বিষয়ে মোকাম্মেল হক চৌধুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রংপুর-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল প্রথম আলোকে বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বক্তব্যটি ‘স্লিপ অব টাং’। তিনি বলেন, আবেগের বশে এ কথা বলে ফেলেছেন মোকাম্মেল হক চৌধুরী এবং পরবর্তীতে নিজেই বিষয়টি ভুল ছিল বলে স্বীকার করেছেন।