আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের সুবিধার জন্য নির্বাচন কমিশন (ইসি) চালু করেছে ‘Smart Election Management BD’ নামে একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান, প্রার্থীর তথ্য ও নির্বাচনী ফলাফল দেখতে পারবেন।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীরা তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব ও ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
অ্যাপটির মাধ্যমে ভোটাররা নিবন্ধিত রাজনৈতিক দল, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর হলফনামা এবং অন্যান্য নির্বাচন-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবেন। এছাড়া নির্বাচনের ফলাফলও সরাসরি জানা যাবে।
মল্লিক আরও জানান, একবার অ্যাপ ইনস্টল করলে ভোটারদের ভোটকেন্দ্রের ঠিকানা, ভোটিং সিরিয়াল নম্বর এবং প্রার্থীর প্রতীকসহ যাবতীয় তথ্য পাওয়া সম্ভব। এটি ভোটারদের জন্য নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজলভ্য করার উদ্দেশ্যে চালু করা হয়েছে।