মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠুকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার। এ ঘোষণার ফলে গণঅধিকার পরিষদের (ট্রাক প্রতীক) নেতাকর্মীরা এখন থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করবেন।
শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে বড়লেখা পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আব্দুন নুর তালুকদার বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বৃহত্তর ঐক্য প্রয়োজন। সে বিবেচনায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মৌলভীবাজার-১ আসনে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, এখন থেকে তিনি নিজে এবং গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন এবং বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু গণঅধিকার পরিষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের এই রাজনৈতিক সমঝোতা মৌলভীবাজারের রাজনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে এ সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবেন। গণতন্ত্র পুনরুদ্ধারে এই ঐক্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মৌলভীবাজার-১ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মুফতি বেলাল আহমেদ, জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন এবং গণফ্রন্টের প্রার্থী মো. শরীফুল ইসলাম।