রাজধানীর ভাষানটেকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসনের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শনিবার তিনি আগুনে ঘরবাড়ি পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।
অগ্নিকাণ্ডে বহু পরিবার বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়েন। ক্ষতিগ্রস্তদের এই সংকটময় পরিস্থিতিতে ভাষানটেক এলাকায় উপস্থিত হয়ে ডা. জুবাইদা রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন, যাতে তারা তাৎক্ষণিকভাবে দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারেন।
সহায়তা কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ উপলক্ষে এলাকায় একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। সেখানে নারী, শিশু ও বয়স্কসহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ করা হয়।
এই মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্যোগে সহায়তা ও চিকিৎসাসেবার সমন্বিত কার্যক্রমকে মানবিকতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।