দাঁড়িপাল্লার বিজ্ঞাপনে অভিনয়ের অভিযোগে প্রতারণার কথা বললেন অভিনেতা সোহেল তৌফিক
ভিন্ন উদ্দেশ্যের কথা বলে একটি রাজনৈতিক বিজ্ঞাপনে অভিনয় করানো হয়েছে—এমন অভিযোগ তুলেছেন অভিনেতা সোহেল তৌফিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাকে একটি নির্বাচনী প্রতীকের বিজ্ঞাপনে যুক্ত করা হলেও বিষয়টি আগে জানানো হয়নি।
সোহেল তৌফিক জনপ্রিয় টেলিভিশন মেগাসিরিয়াল মাশরাফি জুনিয়র–এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তিনি চলচ্চিত্রেও মূখ্য চরিত্রে অভিনয় করেছেন।
অভিনেতা জানান, তাকে একটি সামাজিক অভিযোগ গ্রহণকারী অ্যাপের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিজ্ঞাপনটি প্রচারে আসার পর দেখা যায়, সেটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে তিনি নিজেকে প্রতারিত মনে করছেন বলে জানান।
এ বিষয়ে সোহেল তৌফিক বলেন, তিনি একটি অ্যাপের বিজ্ঞাপনে কাজ করার সম্মতি দিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে অভিযোগ জানানোর একটি প্ল্যাটফর্ম তুলে ধরা। কিন্তু তার অজান্তে এবং কোনো সম্মতি ছাড়াই বিজ্ঞাপনের শেষে রাজনৈতিক ভোট আহ্বান যুক্ত করা হয়।
তিনি আরও বলেন, শুটিংয়ের আগে, শুটিং চলাকালীন কিংবা শুটিং–পরবর্তী কোনো পর্যায়েই তাকে জানানো হয়নি যে এটি কোনো নির্বাচনী প্রচারণার অংশ। বিষয়টি তার নৈতিক অবস্থান ও পেশাগত সম্মতির সম্পূর্ণ বাইরে।
নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেতা বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং কোনো দল, প্রতীক বা নির্বাচনী প্রচারণার সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই।