চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত একটি কাভার্ডভ্যানে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস সূত্র জানায়, মসকিউটো কিলার (মশা মারার ব্যাট) বহনকারী কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ভ্যানটি বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনে আগুন ধরে যায়। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চালক ও তার সহকারী দ্রুত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়েন। এতে তারা অক্ষত থাকেন।
খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা মারার ব্যাটের শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।