সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। উপজেলার ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০ জন নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ধানগড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই যোগদান সম্পন্ন হয়। ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল হোসেনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বিএনপিতে যুক্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আইনুল হক। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় ভিপি আইনুল হক বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জনগণ এখন স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। তিনি বলেন, এই গণজোয়ারের মধ্য দিয়েই দেশে গণতান্ত্রিক পরিবর্তন আসবে।
যোগদানকারী নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডে তারা হতাশ। দেশের গণতান্ত্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকারও করেন তারা।
ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় বিএনপি নেতারা।