বিগ বস’ খ্যাত অভিনেত্রী শেহনাজ গিল আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো প্রশংসার কারণে নয়, বরং নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি শেহনাজ গিলের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে সম্পর্কের মধ্যে ‘প্রতারণা’ বা পরকীয়া নিয়ে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশের অভিযোগ, শেহনাজ যেভাবে প্রতারণাকে দেখেছেন বা ব্যাখ্যা করেছেন, তা সমাজের জন্য ক্ষতিকর বার্তা দিতে পারে।
ভাইরাল হওয়া ভিডিওতে শেহনাজকে বলতে শোনা যায়, ‘সবাইকে নিজের মতো চলতে দিন। যদি আপনার সঙ্গী বাইরে অন্য কারও সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তবে তাকে তা করতে দিন। আজকাল আমরা দেখি বাইরে প্রেমিকা থাকার কারণে সম্পর্ক ভেঙে যাচ্ছে। আমি বলি, তাকে বান্ধবী রাখতে দিন। কতদিনই বা চলবে? তাকে কিছুটা সময় নিজের মতো বাঁচতে দিন।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি মানুষ হিসেবে প্রত্যেকের নিজের মতো বাঁচার অধিকার আছে। সে যখন ভুল করবে, তখন নিজেই একদিন বুঝবে যে সে ভুল করছে। তারও তো মন আছে, সে ঠিকই অপরাধবোধে ভুগবে।’
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেক নেটিজেন এই ধরনের চিন্তাধারার বিরোধিতা করে মন্তব্য করেছেন। তাঁদের মতে, শেহনাজ পরকীয়া বা প্রতারণাকে স্বাভাবিক করার চেষ্টা করছেন, যা আধুনিক সম্পর্কের ক্ষেত্রে বিপজ্জনক বার্তা দেয়।
একজন নেটিজেন লিখেছেন, ‘শেহনাজ কী বোঝাতে চাইছেন যে আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্কে টিকে থাকতে হবে? জীবন কোনো সিনেমা বা সিরিয়াল নয় যে কেউ অসংখ্য ভুল করার পর ফিরে এসে সব ঠিক করে ফেলবে।’
যদিও কেউ কেউ বিষয়টিকে শেহনাজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হিসেবেও দেখছেন, তবে অধিকাংশের মতে, একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে এমন স্পর্শকাতর বিষয়ে তাঁর আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। অনেকেই মন্তব্য করেছেন, ‘প্রতারণাকে রোমান্টিক রূপ দেওয়া বন্ধ করুন।’
অন্যদিকে, শেহনাজের কিছু অনুরাগী তাঁর পক্ষ নিয়ে দাবি করেছেন, অভিনেত্রী হয়তো ভিন্ন প্রেক্ষাপটে কথাগুলো বলেছেন। তবে সমালোচনার তীব্রতায় সেই ব্যাখ্যা খুব একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না।
উল্লেখ্য, বিগ বস ১৩-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শেহনাজ গিল এর আগেও বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন। তবে এবারের পরকীয়া সংক্রান্ত মন্তব্য তাঁকে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে। এই বিতর্ক তাঁর কেরিয়ারে কোনো প্রভাব ফেলবে কি না, সেটাই এখন দেখার। আপাতত নেটদুনিয়ায় শেহনাজ গিলকে ঘিরে বিতর্কের আগুন থামার কোনো লক্ষণ নেই।