বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। রোববার রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, যেহেতু এটি একটি নির্বাচনী পথসভা, তাই সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি এড়াতে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এ সময় তিনি জানান, তিনি এই এলাকারই সন্তান। তাঁর শৈশব, কৈশোর ও পারিবারিক জীবনের একটি বড় সময় এই এলাকাতেই কেটেছে। তাঁর সন্তানদের জন্মও এই এলাকায় হয়েছে। এমনকি তাঁর ও তাঁর ভাইয়ের বিয়েও এখানেই সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে যদি ১২ তারিখে বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে শুধু ঢাকা-১৭ আসনে নয়, বরং পুরো ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। এসব মাঠে শিশু-কিশোররা খোলা জায়গায় খেলাধুলার সুযোগ পাবে। পাশাপাশি মুরুব্বি ও মা-বোনেরাও প্রয়োজন অনুযায়ী মাঠে হাঁটাচলা ও সময় কাটাতে পারবেন।