ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটারদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে নির্ধারিত সময়সূচির বাইরে অতিরিক্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রোববার রাতে ডিএমটিসিএলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।
পাশাপাশি ভোটারদের যাতায়াত আরও সহজ করতে ভোটগ্রহণ চলাকালীন সময়ে নিয়মিত সময়সূচির বাইরে অতিরিক্ত মেট্রো ট্রেন চলাচল করবে। এতে করে ভোটকেন্দ্রে যেতে নগরবাসীর ভোগান্তি কমবে বলে আশা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ডিএমটিসিএল জানিয়েছে, নির্বাচন উপলক্ষে যাত্রীসেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।