রাজধানীর সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনার জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনে অধ্যাদেশ জারি করেছে সরকার। রোববার (গতকাল) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ গেজেট আকারে প্রকাশ করে।
অধ্যাদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সাতটি কলেজ নিজস্ব স্বকীয়তা বজায় রেখে একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত থাকবে। কলেজগুলোর নাম, ঐতিহ্য, বর্তমান অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা ও বিদ্যমান সব সুযোগ-সুবিধা অপরিবর্তিত থাকবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত ভাড়া করা ভবন বা উপযুক্ত স্থানে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। এর দায়িত্বের মধ্যে থাকবে পাঠদান, পাঠ্যক্রম প্রণয়ন, সনদ প্রদান, উচ্চতর গবেষণা, প্রশিক্ষণ এবং শিল্প-একাডেমিক সংযোগ জোরদার করা।
অধ্যাদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য পদাধিকার বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। তিনি একাডেমিক ডিগ্রি প্রদান ও সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের পাশাপাশি রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, প্রভোস্ট, গ্রন্থাগারিক এবং বিভিন্ন স্কুল ও সেন্টারের প্রধানরা দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য সিন্ডিকেট, সিনেট ও একাডেমিক কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। সিন্ডিকেট হবে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী সংস্থা এবং একাডেমিক কাউন্সিল শিক্ষা কার্যক্রম তদারকি করবে। শিক্ষার্থীদের কল্যাণে আধুনিক ছাত্র-শিক্ষক কেন্দ্র ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাও অধ্যাদেশে অন্তর্ভুক্ত রয়েছে।
অধ্যাদেশে আরও বলা হয়েছে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা জন্মস্থান নির্বিশেষে সকল শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয় উন্মুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক ও আর্থিক কার্যক্রম তদারকি করবে। প্রয়োজনে ইউজিসি তদন্ত ও আকস্মিক পরিদর্শন করে ত্রুটি পেলে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারবে।
উল্লেখ্য, গত বছরের ২৬ মার্চ ইউজিসি রাজধানীর সাতটি সরকারি কলেজকে পৃথক করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের সুপারিশ করে। পরবর্তীতে গত বছরের ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রত্যাহার করা হয়।
এই অধ্যাদেশ জারির মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে নতুন এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।কলেজগুলোর শিক্ষার্থীরা দীর্ঘদিন এই বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন।