আর মাত্র এক দিন: ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানবেন যেভাবে
চারদিকে প্রার্থীদের পোস্টার, ব্যানার, ডিজিটাল ব্যানার ও লিফলেট বিতরণে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতি ও কর্মসূচির মধ্য দিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। এ অবস্থায় অনেক ভোটারই জানতে চান—নিজ নিজ ভোটকেন্দ্র কোথায় এবং ভোটার নম্বর কী। অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও ভোটার নম্বর একই। বাস্তবে দুটি নম্বর সম্পূর্ণ আলাদা। ভোটার নম্বর জানা না থাকলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ভোটাররা ঘরে বসেই অনলাইনে চারটি উপায়ে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
ভোটাররা ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ব্যবহার করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করার পর ড্যাশবোর্ডে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
২. হটলাইন নম্বর ১০৫
ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানতে যে কোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ ক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
৩. এসএমএসের মাধ্যমে
এসএমএসের মাধ্যমেও ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC লিখে একটি স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে দুটি উপায়ে তথ্য অনুসন্ধান করা যাবে। নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে। পাশাপাশি এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে নির্দিষ্ট ভোটারের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা যাবে। কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে দেখার সুবিধাও রয়েছে।