জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা
চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসজুড়ে দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সোমবার রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রা গড়ের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
মাসের শুরুতেই দেশের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের প্রভাব দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অধিকাংশ জেলা ছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল ও ভোলাসহ মোট ৩৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, জুন মাসে দুই থেকে তিনটি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বর্তমানে চলমান তাপপ্রবাহও এই পূর্বাভাসের অংশ। মাসের বিভিন্ন সময়ে দেশের একাধিক অঞ্চলে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু তাপপ্রবাহ হিসেবে গণ্য হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে পৌঁছালে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রির বেশি হলে তা অতি-তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জুন সাধারণত বর্ষা মৌসুমের সূচনাকাল হলেও এ বছর বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বর্ষার মধ্যেও গরমের তীব্রতা দীর্ঘস্থায়ী হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুনের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের সর্বত্র বিস্তার লাভ করতে পারে। তবে বর্ষা সক্রিয় হলেও প্রত্যাশিত পরিমাণ বৃষ্টিপাত না হলে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে এবং ভ্যাপসা গরমের অস্বস্তি বাড়তে পারে।